ধর্ষণচেষ্টার অভিযোগ

ইউপি চেয়ারম্যান ও ফুচকাওয়ালার বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। অন্যদিকে রাজবাড়ী সদরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফুচকা বিক্রেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার দিন ও রাতে নিজ নিজ থানায় পৃথক মামলা দুটি হয়।

জানা যায়, গত ৯ জুন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওই নারীকে ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য ডাকলে সকাল ৯টার দিকে চেয়ারম্যানের বাড়িতে যান ভুক্তভোগী ওই নারী। বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন চেয়ারম্যান। এ ঘটনায় গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা করেন ওই নারী। অন্যদিকে রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়নের ঘুঘুশাইল গ্রামের ফুচকা বিক্রেতা আল্লেক মল্লিক (৪২) গত ২২ জুন ওই শিশুকে স্কুলে যাওয়ার পথে ফুচকা দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুর মামা সোমবার রাতে তিনজনের নামে মামলা করেন। অন্য দুই আসামি হলো মিন্টু বিশ^াস (৩৫) ও আমিরুল মল্লিক (৩২)।