উইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ

২ জুলাই থেকে উইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। এটাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান  বলেছেন, ‘দেখুন যদি আমাদের টি-টোয়েন্টির বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করেন, এরপর আমরা এশিয়া কাপ খেলব, তারপর বিশ্বকাপ। তো আমাদের হাতে খুব একটা সময় নেই। সেই হিসেবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। আমার মনে হয় উইন্ডিজের মতো একটা দলের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে পারাটা বড় একটা চ্যালেঞ্জ হবে আমাদের। আমরা যদি এখানে ভালো করতে পারি আত্মবিশ্বাসটা কাজে আসবে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ খেলার সময়। ভালো একটা মাইন্ড সেট নিয়ে ওখানে যেতে পারব।’ টি-টোয়েন্টিতে এশিয়ার অন্য দল সম্পর্কে সাকিব বলেন, ‘ভারত, পাকিস্তান আফগানিস্তান আমি বলব যে এরা সবাই এশিয়ার ভিতরে খুব ভালো টি-টোয়েন্টি দল। আমাদের টাফ চ্যালেঞ্জ ফেস করতে হবে। শ্রীলঙ্কাও এখন ভালো খেলছে। নিয়মিত ভালো খেলছে। তো অবশ্যই আমাদের অনেক জায়গা আছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। যদি আমরা দলগতভাবে খেলতে পারি, আমি বিশ্বাস করি যে এই সিরিজ আমাদের কাজে দেবে।’