ট্রেনে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন কলেজছাত্র নূর হোসেন (১৭)। দাঁড়িয়ে ছিলেন ট্রেনের দরজায়। সে সময় রেললাইনের পাশের একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান তিনি। দেহের ওপর দিয়ে চলে যায় ট্রেনের চাকা।
গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ফরিদা বিল্ডিং নামের একটি ভবনের পেছনে এ ঘটনা ঘটে। নিহত নূর হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার দাঁড়িয়ে ছিলেন নূর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে যাওয়ার সময় রেললাইনের পাশে থাকা একটি গাছের ডালে ধাক্কা লেগে নূর হোসেন নিচে পড়ে যান। তার দেহের ওপর দিয়ে চলে যায় ট্রেন। মুহূর্তেই দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।