হৃতিকের আবদারে দ্বিগুণ খরচ ‘বিক্রম ভেদা’র

দক্ষিণী ছবি হিন্দি রিমেক ‘বিক্রম ভেদা’র দুই নায়ক সাইফ আলী খান ও হৃতিক রোশনের বিরোধ নিয়ে কম পানি ঘোলা হয়নি। তার মধ্যেই এই ছবি তৈরির খরচ মাথা ঘুরিয়েছে বলিউডের। আর খরচ বাড়ার কারণ নাকি হৃতিক!

দেশটির সংবাদমাধ্যম জানায়, ‘বিক্রম ভেদা’র খরচ বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ১৭৫ কোটি রুপি, যা কিনা মূল ছবির বাজেটের দ্বিগুণ। এর জন্য দায়ী হৃতিকের চাহিদা।

ছবির পরিচালক পুষ্কর-গায়ত্রী মূল ছবির শুটিং করেছিলেন তামিলনাড়ুতে। ২০১৭  সালে তামিল ভাষার এই ছবিতে অভিনয় করেন আর মাধবন ও বিজয় সেতুপতি।

ঠিক ছিল হিন্দি সংস্করণে দুই প্রধান চরিত্র সাইফ ও হৃতিককে নিয়ে উত্তর প্রদেশে শুটিং করবেন পরিচালক। কিন্তু হৃতিক এই প্রস্তাবে রাজি হননি। তার আবদার, দুবাইয়ে উত্তরপ্রদেশের আদলে বিলাসবহুল রাস্তা তৈরি করে সেখানে শুটিং করতে হবে।

নায়কের আবদার মেটাতেই ছবির খরচ দ্বিগুণ হয়ে যায়। হৃতিকের সবচেয়ে বড় বাজেটের ছবির তালিকায় নাম লেখাতে চলেছে ‘বিক্রম ভেদা’। এর আগে ‘ওয়ার’ নির্মিত হয় আনুমানিক ১৫৮ কোটি রুপি খরচে।

এ ছবিতে শুরুতে অভিনয় কথা ছিল আমির খান ও সাইফের। পরে সৃজনশীল অনৈক্যের কারণে সরে দাঁড়ান মিস্টার পারফেকশনিস্ট।