হাইমচরে ফের বিষ দিয়ে অর্ধশত ঘুঘু হত্যা

চাঁদপুরের হাইমচরে ধানের বীজতলা খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করে ঘুঘুপাখি হত্যার খবর চাউর হয়েছে। গত মঙ্গলবার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, আমন ধানের বীজতলায় ঘুঘু খাবার খুঁজতে আসতো। কিন্তু এমন প্রাকৃতিক দৃশ্য সহ্য করতে না পেরে কে বা কারা বীজতলায় বিষ প্রয়োগ করে পাখিগুলোকে হত্যা করে।

এ দফায় প্রায় অর্ধশত ঘুঘু মারা গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে বীজতলার ধান রোপনকারী কৃষক আলী উকিল বলেন, কে বা কারা বিষ প্রয়োগ করেছে তা আমার জানা নেই। মৃত পাখি স্থানীয়রা এদিক-ওদিক ফেলে দিয়েছে বলে খবর পাচ্ছি। পাখি হত্যা অপরাধ— তা জানা আছে বলেই এমন ঘৃণ্য কাজকে কখনোই আমি সমর্থন করি না।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘুসহ পাখি হত্যা করা শুধু অপরাধই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। ঘটনাটি যারাই করেছে তা অমানবিক কাজ করেছে। আমরা খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কৃষক দোষী কিনা তা খতিয়ে দেখবো।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি হাইমচরের উত্তর আলগী এলাকায় ফসলি জমিতে বিষ প্রয়োগে অর্ধ শতাধিক ঘুঘু পাখি হত্যার ঘটনায় কৃষক স্বপন দেওয়ানকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।