বরিশালে গ্যাস সিলিন্ডারে লুকানো ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে সুমন মন্ডল (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি বৈদ্যপাড়া রোডের মুখ সংলগ্ন শাহাজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মন্ডলের (৪২) বাড়ি ঝিনাইদহের শৈলাকুপা উপজেলার খালফুলিয়া গ্রামে। অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের এসআই মো. জামাল হোসেন গতকাল বুধবার জানান, গ্রেপ্তার যুবক ফেনসিডিলের চালানটি নিয়ে আসার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করে। গ্যাস সিলেন্ডারের নিচের অংশ কেটে ফেনসিডিলগুলো ভেতরে ঢুকিয়ে নিয়ে এসেছে। গ্রেপ্তারের পর গ্যাস সিলিন্ডারটি থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আজিমুল করিম জানান, আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।