শ্রীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিম খ- গ্রামের কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আখক্ষেতে ঘাস কাটার সময় বজ্রঘাতে শিকার হন তিনি। বেলা বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ঘটনাস্থলেই মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে স্বজনরা আসলেও পুলিশের জন্য অপেক্ষা করছে বলে স্থানীয়রা জানায়।

বজ্রপাতে নিহত ব্যক্তির নাম হযরত আলী (৪৫)। তিনি পাশের বারোতোপা গ্রামের ছায়েদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি পড়ছিল। এ সময় হযরত আলী ওই গ্রামের আবদুল হালিমের বাড়ির পাশে আখক্ষেতে ঘাস কাটার কাজ করছিলেন। হালকা বৃষ্টিতে ভিজেই কাজ করছিলেন হযরত আলী।

এ সময় তার ওপর আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন জানান, বৃষ্টিতে ভিজে আখক্ষেতে ঘাস কাটার সময় বজ্রাঘাতে হযরত আলীর মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা খবর পেয়েছি। পুলিশ পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।