শ্রীপুরে প্রযুক্তি গ্রামের উদ্বোধন, চারা বিতরণ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রযুক্তি গ্রাম’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কাজী এম. বদরুদ্দোজা, উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল আলীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ এবং শ্রীপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বদনীভাঙ্গা গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে। এখানে কৃষি ও মৎস্যসহ বিভিন্ন খাতে চাষাবাদ হচ্ছে। প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের মাধ্যমে সবাইকে এগিয়ে যেতে হবে। এ গ্রাম থেকে প্রযুক্তির বিস্তার আশপাশের গ্রামগুলোতেও ঘটবে। পর্যায়ক্রমে উপজেলার সব গ্রামে প্রযুক্তিনির্ভর কৃষি ছড়িয়ে পড়বে। এতে কৃষক, সাধারণ মানুষ ও দেশ উপকৃত হবে।

অনুষ্ঠানের আগে অতিথিরা বিদ্যালয় মাঠে বিভিন্ন ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন। পরে বিকেলে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত