ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন ইয়ার লাপিদ। মাত্র এক বছর পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাফতালি বেনেট বিদ্যমান চুক্তি অনুসারে গত বৃহস্পতিবার লাপিদকে দায়িত্ব হস্তান্তর করেন। সংসদ ভেঙে দেওয়ার পক্ষে ৯২-০ ভোট দেওয়ার পর এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদত্যাগ করার পর ইসরায়েল ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচনের দিকে যাচ্ছে।
আগামী ১ নভেম্বরের নির্বাচন পর্যন্ত বেনেটের পুরনো জোটের অংশীদার ইয়ার লাপিদই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এর আগে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের নেতারা সংসদ ভেঙে দেওয়ার কথা জানান। দুই নেতৃস্থানীয় জোটের অংশীদার এক বিবৃতিতে জানায়, জোটকে স্থিতিশীল করার জন্য সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও জানিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নয়, কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হবেন লাপিদ।