মাদারীপুরে রডের নিচে চাপা পড়ে সেলিম মোল্লা (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পৌরসভার পুরান বাজার কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা সদর উপজেলার মধ্য খাগদী এলাকার রসিদ মোল্লা ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সেলিম মোল্লা নামে ওই শ্রমিক কাজির মোড় এলাকার জাহাঙ্গীর আলম ট্রেডার্স নামে একটি রডের দোকানে শ্রমিকের কাজ করছিলেন। মাথায় করে গাড়ি থেকে রড নামানোর সময় পা পিছলে পড়ে যান তিনি। এ সময় মাথায় থাকা রড তার শরীরে পড়লে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।