ডেঙ্গু জ্বরের ভাইরাস মানুষের শরীরের গন্ধে পরিবর্তন ঘটায়। মানবদেহে একই প্রতিক্রিয়া ঘটে মশাবাহিত জিকা ভাইরাসের কারণে। ডেঙ্গু ও জিকা ভাইরাসে আক্রান্ত মানুষ ও ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন গবেষকরা। গবেষণায় জানা গেছে, ডেঙ্গু-জিকা আক্রান্ত রোগীর শরীরের গন্ধ মশাদের আরও বেশি আকর্ষণ করে। আক্রান্তদের কামড়ানো মশা সুস্থ আরেকজনকে কামড়ালে রোগের বিস্তার ঘটে।
চীনের একটি গবেষণাগারে ডেঙ্গু আক্রান্ত ইঁদুরের ত্বকে এক ধরনের গন্ধযুক্ত উপাদানের উপস্থিতি পান বিজ্ঞানীরা। তারা দেখেছেন, যেসব ইঁদুরের শরীরে এই গন্ধ আছে সেসব ইঁদুরকে মশারা বেশি কামড়ায়।
গবেষকরা জানান, ডেঙ্গু অথবা জিকা আক্রান্ত মানুষ ও ইঁদুরের ত্বকে এসেটোফেনন নামের আকর্ষক উপাদানের মাত্রা বেড়ে যায়। এই গন্ধে মশারা বেশি আকর্ষিত হয়।
এজন্য ডেঙ্গু এবং জিকা রোগীর শরীর যতটা সম্ভব কাপড়ে ঢেকে রাখা এবং মশারি ও মশানিরোধক ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডেঙ্গু গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় ছড়ানো মশাবাহিত রোগ। এই রোগে আক্রান্ত হলে জ্বর, শরীরে র্যাশ দেখা দেয় এবং ব্যথা হয়। এটি প্রাণঘাতী হতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে অন্তত ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। জিকা ভাইরাস অপেক্ষাকৃত কম প্রাণঘাতী হলেও গর্ভবতী নারীকে এই ভাইরাস আক্রমণ করলে তার সন্তানের জটিলতা দেখা দিতে পারে। এখন পর্যন্ত বিশ্বের ৮৬ দেশে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।