ময়মনসিংহ নগরীতে ওয়ার্ড পর্যায়ের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হামলার শিকার হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পারভেজ মিয়া (৩০) গন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি বিলুপ্ত আকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার জুমার নামাজের আগে যুবলীগ নেতা পারভেজের সঙ্গে এলাকার কিছু যুবকের কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পারভেজকে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারভেজের কবজি, গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
ওসি আরও জানান, পারভেজ হত্যায় জড়িত সন্দেহে রাজীব নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।