ফ্যাক্ট চেকার যুবায়েরের মুক্তি দাবিতে মানববন্ধন

ভারতীয় ফ্যাক্ট চেকার সাংবাদিক মোহাম্মদ যুবায়েরের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্ট চেকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। গতকাল শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ‘বাংলাদেশ থেকে বন্ধুরা’ লেখা ব্যানার নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

গত ২৭ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করেছে নয়াদিল্লি পুলিশ।

মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেন, সারা পৃথিবীতেই গুজব রয়েছে। গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফ্যাক্ট চেকাররা অনেক সহিংসতা রোধ করেছেন। তাই ভারতে যুবায়ের গ্রেপ্তার হওয়া সারা পৃথিবীতে ফ্যাক্ট চেকার সাংবাদিকদের আহত করেছে। এ সময় বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি এ আইন বাতিলের দাবি জানান।

সাংবাদিক আরিফুজ্জামান তুহিন বলেন, যুবায়েরের একমাত্র অপরাধ ছিল তিনি বিজেপি এবং আরএসএস-এর প্রপাগান্ডা নস্যাৎ করেছিলেন। এ জন্য তার কণ্ঠরোধ করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশেও এমন অনেক ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হলে ভারতে মুসলমানরা এবং ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হলে বাংলাদেশে হিন্দুরা আতঙ্কিত থাকেন। গুজব প্রতিরোধ করা গেলে সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। আর সে কারণেই ফ্যাক্ট চেকারদের গুরুত্ব অনেক বেশি।

মানববন্ধনে সাংবাদিক মো. মুক্তাদির রশিদ, আহমেদ ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।