ইতালিতে ইকোনমিক ডিপ্লোমেসি সপ্তাহ উদযাপন

‘অর্থনৈতিক কূটনীতি, আনবে দেশের অর্থনীতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সেমিনারে প্রথম ইকোনমিক ডিপ্লোমেসি সপ্তাহ আয়োজন করেছে রোমে বাংলাদেশ দূতাবাস। এতে উভয় দেশের বিনিয়োগকারীরা অংশ নেন। গতকাল শনিবার ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজনের প্রথম সেশনে বক্তব্য দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহম্মেদ চৌধুরী এবং ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার প্রধান জানপাওলো নেরি।

পরে সংবাদ সম্মেলনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, ইতালির ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেন, আমরা সেই চেষ্টা করছি। বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।