করোনা: চট্টগ্রামে একজনের মৃত্যু, শনাক্ত হার ১৬.৮৩

চট্টগ্রামে একদিন পর করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান ঢেউয়ের সময়ে এখানে দুইজনের মৃত্যু হলো।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া চট্টগ্রামের করোনা সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবে চট্টগ্রামের ২৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৪৫ জন এবং উপজেলার ৫ জন।

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৫১ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৭৩০ জন ও গ্রামের ৩৪ হাজার ৬২১ জন।

চট্টগ্রামে সাড়ে চার মাস পর করোনাভাইরাসে এক নারীর মৃত্যু হয় গত ৩০ জুন। ওইদিন নতুন ৫২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ।