পরিবার নিয়ে দেখার মতো ছবি ‘পরাণ’

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার সিনেমা ‘পরাণ’ মুক্তি পাচ্ছে বড় পর্দায়। তবে ছোট পর্দাতেও অভিনয় করতে দেখা যাবে এই তারকাকে। এসব নিয়েই তার সঙ্গে কথা বলেছেন রণ

পরাণ...

তিন বছর পর বড় পর্দায় ছবি মুক্তি পেতে যাচ্ছে আমার। তাই আনন্দটা একটু বেশিই। আমি রোমান্টিক ছবির ভক্ত। অথচ আমার ক্যারিয়ারে রোমান্টিক ছবি খুবই কম। এই ছবির প্রস্তাব পেলাম যখন তখন বরগুনার রিফাত হত্যার ঘটনাটি ঘটেছে। গল্পটি শোনার সঙ্গে সঙ্গে কেমন যেন ভয় পেয়ে গেলাম। আবার রোমান্টিক ছবিটি ছাড়তেও মন চাইল না। বিশ^াস করবেন না, ছবির প্রতিটি দৃশ্য করার সময় আলাদা একটি ভয় কাজ করত। বিশেষ করে শরিফুল রাজের সঙ্গে শ্যুটিং করার সময় মনে হতো এই বুঝি সে আমাকে খুন করবে! আমরা ময়মনসিংহে খুব মজা করে কাজ করেছি। স্থানীয় মানুষজন আমাদের অনেক সহযোগিতা করেছেন।

আশাবাদ...

নির্মাতা রায়হান রাফির প্রতি কৃতজ্ঞতা, এমন সুন্দর একটি ছবিতে আমাকে নির্বাচন করার জন্য। এ ছবিতে কলেজপড়ুয়া একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম অনন্যা। মিষ্টি একটি চরিত্র। বেশি কিছু বলতে চাই না এ বিষয়ে। আমি চাই, দর্শক হলে এসে ছবিটি দেখুক। তারপর তাদের কাছে শুনতে চাই কেমন করলাম। ছবিটি পরিবার নিয়ে দেখার মতো এ কথা নির্দ্বিধায় বলতে পারি। আমি হলফ করে বলতে পারি, ছবিটি দেখলে দর্শক অন্য রকম একটি অনুভূতির সম্মুখীন হবে। শুধু ছবির গল্পই নয়, নির্মাণশৈলী দারুণ। অনেক গান আছে একবার শুনলেই ভালো লাগে। আর কিছু গান বারবার শোনার পর ভালো লাগে। ‘পরাণ’ ছবির ‘চল নিরালায়’ এমন একটি গান, প্রথমবার শুনেই যা ভালো লেগে যায়। ছবিতে আরও কয়েকটি রোমান্টিক গান আছে। তার মধ্যে এই গানটিই আমাদের পছন্দের। শ্যুটিংয়ে এ গানটি বারবার শুনতাম। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সাড়া পাচ্ছি। ছবি মুক্তি উপলক্ষে ভক্তরা নানাভাবে তাদের ভালোবাসা জানাচ্ছেন। একজন গাছের পাতার মধ্যে আমার ছবি খোদাই করেছেন। খুব ভালো লাগছে তাদের এমন আবেগ দেখে।

নাটকে ...

সিনেমার পাশাপাশি বিশেষ দিবসের স্পেশাল নাটকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। কাজগুলো একেবারে ফিল্মের মতো করে বানানো হয়। এবার ঈদেও আমার নাটক দেখতে পাবেন দর্শক। ঈদের জন্য চারটি নাটক শেষ করেছি। এরমধ্যে একটির নাম ‘চেহারা’। আমার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। চ্যানেল আইয়ের জন্য করেছি ‘কার্নিশ’ নামের একটি নাটক। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো টিভিতে অভিষেক হচ্ছে চিত্রনায়ক রোশানের। এছাড়া তাহসান খানের সঙ্গেও আমার নাটক প্রচার হবে।