৩২ মণের সম্রাটকে দেখতে হাটে মানুষের ভিড়

কোরবানির ঈদকে সামনে রেখে জমে আখাউড়া পশুর হাট। পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের পশু হাটে মঙ্গলবার সকাল থেকে পশু উঠতে থাকে।

স্থানীয় খামারিসহ দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে উপস্থিত হয়। মাঠজুড়ে শুধু গরু আর গরু।

লাল, কালো, সাদা মিশ্র রঙের ছোট বড় গরুতে সয়লাব কলেজ মাঠ। সেই সঙ্গে পশুর হাটে প্রচুর সমাগম ঘটে।

সাপ্তাহিক পশুর হাট হওয়ায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতা আসেন। তবে, বেচাকেনা কিছুটা কম হচ্ছে, ক্রেতারাও ছাড়তে চাইছেন না, আবার বিক্রেতাও ঘুরে ঘুরে দর দাম যাচাই দেখে সময় কাটাচ্ছেন।

এদিকে মঙ্গলবারের পশুর হাটে সাদা কালো ফিজিয়ান জাতের বিশাল আকৃতির একটি ষাঁড় উঠে। এটি হাটের সবচেয়ে বড় গরু বলে মন্তব্য করেন দর্শনার্থীরা। গরুটির সামনে দাঁড়িয়ে কেউ কেউ সেলফি নেন। গরুটিকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছেন। এক পলক দেখে আনন্দ উপভোগ করছেন।

ষাঁড়টির মালিক কসবা উপজেলার টিঘরিয়া গ্রামের খামারি শাকিল আহমেদ বলেন, গরুটির ওজন প্রায় ৩২ মণ। তিন বছর ধরে তিনি গরুটিকে পালন করছেন। দেশীয় খাবার খাইয়েছেন কোনো কৃত্রিম খাবার দেননি। গরুটির দাম চান ১০ লক্ষ টাকা।

বেলা ১টা পর্যন্ত ৬ লক্ষ টাকা দাম হয়েছে বলে তিনি জানান। তবে, আর কিছু দাম বেশি পেলে তিনি গরুটি বেঁচে দেবেন বলে জানান।

এদিকে গরুর সামনে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল মিয়া বলেন, গরুটি খুবই বড়। এত বড় গরু আগে আর দেখিনি। যেমন বড় তেমনি উঁচু এবং লম্বা। এর স্বাস্থ্যও বেশ মোটাতাজা।

গরু কিনতে আসা আব্দুল মমিন বাবুল বলেন, গরু দেখতেছি। এখনই পছন্দ করতে পারিনি। তবে দাম বেশ মনে হচ্ছে।