সীতাকুন্ডের বিএম ডিপো থেকে আরও এক লাশ উদ্ধার

সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস ২ দিন পর বুধবার আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

সোমবার বিকেল ৪টার দিকে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি শেডের দেয়াল অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেয়াল অপসারণের সময় দেয়ালের নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাড়গোড় ও মাথার খুলি দেখতে পায় ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ।

গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দু-একের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই ডিপো থেকে আগে ৫০ জনের লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

আজ উদ্ধার হলো আরও একজনের মরদেহ। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।