ওটিটির শুরুতেই আলিয়ার বাজিমাত

বলিউড সুপারস্টার অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের জাদু দিয়ে জয় করেছেন ৯ থেকে নব্বইয়ের মন। আলিয়া মানেই নতুনত্ব। তার সিনেমার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। এবার আসছে তার সিনেমা ‘ডার্লিংস’। তবে হলে নয়, এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। গত মঙ্গলবার প্রকাশ পেয়েছে এই সিনেমাটির টিজার ও পোস্টার। ওটিটিতে পথচলার শুরুতেই চারদিকে হইচই ফেলে দিয়েছেন এই ‘পাওয়ার হাউজ অব ট্যালেন্ট’। আলিয়ার সঙ্গে এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ। সিনেমাটি আলিয়া অভিনীত প্রথম থ্রিলার। এটি দিয়ে তিনি প্রযোজনাতেও নাম লেখালেন। এর পরিচালনা করেছেন জসমিতকে রিন। টিজারটি শেয়ার করে আলিয়া ইন্সটাগ্রামে লিখেছেন, ‘এটা শুধুই একটা টিজ ডার্লিংস। প্রযোজক হিসেবে এটা আমার প্রথম সিনেমা সেটাও রেড চিলিসের সঙ্গে। আমরা আশা করি এটি সারা বিশ্বের দর্শকদের বিনোদন দেবে।’ ভিডিওটি শেয়ার দিতেই ভাইরাল। তার ভক্তরা টিজার দেখে এবং তার কাজে মুগ্ধ হয়েছে। একজন ভক্ত লিখেছেন, ‘এমন একটি আকর্ষণীয় টিজার দেখে মুগ্ধ হলাম। অনেক সাসপেন্স উন্মোচনের জন্য অপেক্ষা করছে।’ এদিকে ছবিটির আরেক প্রযোজক রেড চিলিসের মালিক শাহরুখ খান। তিনিও টিজারটি শেয়ার দিয়ে আলিয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।