পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে জিহাদ (১১) ও তাজিয়া (৭) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পানিতে ডুবে লালমনিরহাটের তিন উপজেলায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল দুপুরের মধ্যে ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল সকাল ৯টার দিকে নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান।

মৃতদের স্বজনরা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের একটি মসজিদে আরবি পড়তে যায় জিহাদ ও তাজিয়া। পড়া শেষ করে বাড়িতে ফেরার সময় একটি সাঁকো পার হতে গিয়ে তাজিয়া পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে বড় ভাই জিহাদও পানিতে ঝাঁপ দিলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় বুধবার রাতে বাড়ির পাশে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়।

এদিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় গতকাল সকালে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ওই গ্রামের বাবুল মিয়ার সাত বছরের ছেলে আবদুস সালাম। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে আবদুস সালামের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গতকাল দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ব্রমত্তর এলাকার রেয়াজুল ইসলামের দেড় বছরের পুত্রসন্তান পানিতে ডুবে মারা যায়।