নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো মামলার ১০নং এজাহারভুক্ত আসামি উপজেলার মধুপুর গ্রামের সামু ডাক্তার বাড়ির মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও ১১নং এজাহারভুক্ত আসামি উপজেলার মহবুল্যাপুর গ্রামের চৌধুরী পুতের বাড়ির আব্দুল হাইয়ের ছেলে বাহার উদ্দিন (২২)।
পুলিশ জানায়, হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একইদিন উপজেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
নিহত হাসিবুল বাশার উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ইউনুস মৌলভীর বাড়ির মৃত আবুল বাশারের ছেলে।
নোয়াখালীর (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নিহতের চাচা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. হাসিবুল বাশারকে কুপিয়ে করে হত্যা করে দুর্বৃত্তরা।
জানা যায়, দলীয় কোন্দলের কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী হাসান, মাসুমসহ ৭-৮ জন হাসিবকে ছুরি দিয়ে মাথায় ও গলায় মারাত্মক আঘাত করে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।