পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আবারও অংশ নিতে জেলার মঠবাড়িয়া-ভান্ডারিয়া-কাউখালীর ছয় উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
এ সময় তিনি বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড এ উন্নয়নের আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্ৰাম হবে শহর স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আপনারা যদি চান তাহলে আমি পুনরায় জেলা পরিষদের নির্বাচন করব, আপনারা না চাইলে করব না।
বুধবার ও বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মিয়া সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পাঁচ উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা। এ ছাড়া জাতীয় পার্টির (মঞ্জু) সিনিয়র নেতার উপস্থিত ছিলেন।
এ সময় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু বলেন, আমরা মহিউদ্দিন মহারাজকে পিরোজপুর -২, আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মহিউদ্দিন মহারাজকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে বিলাসবহুল ৭টি লঞ্চে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে যোগ দেন মহিউদ্দিন মহারাজ।