ঈদের টিভি নাটক

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে কয়েকশ নতুন নাটক নির্মিত হয়েছে। এরমধ্যে বেশিরভাগ নাটক প্রথমে প্রচার হবে টেলিভিশন চ্যানেলে। এরপর তা চলে যাবে ইউটিউবে। ঈদের আমেজে মূলত এই নাটকগুলোই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কিছু উল্লেখযোগ্য নাটকের আয়োজন নিয়ে লিখেছেন আল মাসিদ

হানিফ সংকেতের ‘রটে বটে-ঘটে না’

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’। নাটকের নাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রটে বটে অনেক কিছুই, খুঁজলে আসল ঘটনা, আপনজনে বুঝতে পারে, কোনটা মিথ্যে রটনা’। একটি পরিবারের একমাত্র সন্তান সম্পর্কে নানান রটনা এবং তা থেকে অনেক ঘটনার জন্ম নেয়। সমসাময়িক এই নাটকটির বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, আমাদের মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটে উঠেছে। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ প্রমুখ। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায়।

চ্যানেল আইয়ে নতুন ১৫ নাটক

ঈদুল আজহার আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। অভিনয়ে শাহাদাৎ হোসেন, স্বাগতা। ঈদের দিন  নাটক ‘খোঁপা’। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, প্রচারিত হবে ঈদের দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘গল্পের নাম যা হয়না’। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ০৯:৩০ মিনিটে। ২য় দিন : নাটক ‘চলতি পথে’।  অভিনয়ে তওসিফ, তানজিন তিশা। রাত ০৭:৩০ মিনিটে নাটক ‘২৪ ঘণ্টা’। অভিনয় করেছেন জোভান, সাফা কবির। ৩য় দিন : নাটক ‘ফুলের নামে নাম’। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ০৭:৩০ মিনিটে। নাটক ‘ভাই বড় বিপদে’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। দেখানো হবে রাত ০৯:৩০ মিনিটে।

জনপ্রিয় ৪ নাট্যকারের ৪ নাটক

ঈদ উপলক্ষে বিটিভির প্রযোজনায় এবার নির্মিত হয়েছে চারটি নাটক। যা প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত রাত ৮টার বাংলা সংবাদের পর। জনপ্রিয় নাট্যকারদের চিত্রনাট্যে নাটকগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নামকরা অভিনয়শিল্পীরা। ঈদের আগের দিন প্রচারিত হবে মাতিয়া বানু শুকুর রচনায় ও মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘রিটার্ন টিকেট’। অভিনয় করেছেন জাহিদ হাসান, ডলি জহুর, আসনা হাবিব ভাবনা, ডা. এজাজ, নরেশ ভূঁইয়া, আল মামুন প্রমুখ। ঈদের দিন প্রচারিত হবে আজাদ আবুল কালামের রচনায় ও এস.এম. নোমান হাসানের প্রযোজনায় নাটক ‘দূর সম্পর্ক’। অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, আজাদ আবুল কালাম, সাবেরী আলম, আয়েশা লাবণ্য, মায়মুনা ফেরদৌস, আহনাফ আবরারসহ আরও অনেকে। ঈদের ২য় দিন প্রচারিত হবে নাটক ‘উকিল বশীকরণ’। মাসুম রেজার চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সালাহউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা,  উর্মিলা কর, রমিজ রাজু ও আইনুন পুতুল। সুজাত শিমুলের রচনায় ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘মানিক-রতন’ প্রচারিত হবে ঈদের ৩য় দিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাত শিমুল, সাজু খাদেম, শারমীন জোহা শশী, ঝুনা চৌধুরী, নাইরুজ সিফাত, আফজাল শরীফ, আতাউর রহমান প্রমুখ।

‘রঙিলা ফানুস’-এর সিক্যুয়াল

গত বছর কোরবানির প্রচার হয়েছিল শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’। সাবিলা নূর অভিনীত সেই নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবারের কোরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন আগের নায়িকা সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ৭.৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

বৈশাখী টিভিতে প্রতিদিন ২ নাটক

বৈশাখী টিভিতে প্রতিদিন দুটি একক নাটক প্রচার হবে। রাত ৮.১০ মিনিট ও ৯.৫০ মিনিটে। ঈদের দিন প্রচার হবে নাটক ‘বিসর্জন’। অভিনয়ে: এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, তানিন সুবাহ, শেলী আহসান প্রমুখ। আরফান নিশো, মেহেজাবীন জুটির নাটক। পরিচালনা: মহিদুল মহিন। ঈদের ২য় দিন নাটক ‘ঢাকা টু বরিশাল’।  অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, নীলা ইসলাম প্রমুখ।  নাটক ‘বিপদ সংকেত’-এ অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। পরিচালনা: বি ইউ শুভ। ঈদের ৩য় দিন নাটক ‘কোর্ট ম্যারেজ’। অভিনয়ে: ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম, বড়দা মিঠু, মাসুম বাসার প্রমুখ।  নাটক ‘কেউ কোথাও ভালো নেই’-এ অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা প্রমুখ।