গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলে কার্ডধারী গ্রাহকদের মাঝে টিসিবির পণ্য বিক্রয়কালে অনিয়মের অভিযোগ তুলে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল জানান, গতকাল টোক ইউনিয়ন পরিষদের সামনে দুই হাজার লোকের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা শুরু হয়। বিকেলে ডিলারের লোকজন দেরি করে আসার কারণে একসঙ্গে সব লোক হুমড়ি খেয়ে পড়ে। গ্রাহকদের জন্য নির্ধারিত দুই লিটার তেল ছাড়া দুই কেজি ডাল এবং এক কেজি চিনি আগে থেকে প্যাকেট করা না থাকায় গ্রাহকরা উত্তেজিত হয়ে পড়েন। তাছাড়া অনেকেই তাদের জন্য নির্ধারিত প্যাকেটে কিছু পণ্য ওজনে কম হয়েছে এবং কেউ কেউ সব পণ্য প্যাকেটে নেই বলে অভিযোগ করেন। কয়েকজন ইউপি সদস্য ডিলারের লোকজনের সঙ্গে আঁতাত করে গাড়ি থেকে বিপুল পরিমাণ পণ্য হাতিয়ে নেওয়ার সময় গ্রাহকরা প্রতিবাদ করলে তুমুল উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন গ্রাহক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
টোক ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) রায়েদ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মামুন হোসেন জানান, ডিলার দেরিতে পণ্য নিয়ে আসার কারণে গ্রাহকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছিল। এ সময় কোনো কোনো গ্রাহক ওজনে কারচুপির অভিযোগ করলে সংঘর্ষ শুরু হয়। পরে তারা ইউনিয়ন পরিষদের কক্ষে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে তাড়াহুড়া করে মাপার কারণে দুয়েকজনের পণ্য অল্প কম হলেও অধিকাংশের পণ্য ওজনে সঠিক ছিল বলে তিনি দাবি করেন।