মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন আরোহী। ঢাকা-পাটুরিয়া মহাসড়ক ও সিংগাইর-হেয়ামেয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শিবালয় এলাকায় দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ আল মামুন (২৫) মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকার বাসিন্দা। বানিয়াজুরি এলাকায় নিহত জুবায়ের হোসেন (১৪) ঢাকা জেলার ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার বাসিন্দা এবং সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে হাজি মিয়া (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল এগারোটার দিকে শিবালয় উপজেলার আরপাড়া এলাকায় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে এক মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। এছাড়াও বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে আরিচাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছেন বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন।