শিনজো আবের শেষকৃত্য ঘিরে জনস্রোত

আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পরিবার এবং বন্ধু-বান্ধব মঙ্গলবার টোকিও’র একটি মন্দিরে ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য জড়ো হন। এ সময় মন্দিরের বাইরের শোকার্ত মানুষের ঢল নামে। তারা প্রিয় নেতার ‘জঘন্য’ হত্যাকাণ্ডের নিন্দা জানান।

আবে শুক্রবার নারা শহরে নির্বাচনী প্রচারাভিযানে বক্তৃতা দেওয়ার সময় খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন। হত্যার সন্দেহভাজন ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি পুলিশ হেফাজতে রয়েছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীরা অংশ নেওয়ার কথা থাকলেও জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে জোজোজি মন্দিরে হাজার হাজার শোকার্ত মানুষ কালো পোশাক পরিধান করে জড়ো হয়েছেন।

সুকাসা ইয়োকাওয়া নামের একজন বলেছেন, ‘আমি আমার দুঃখ কাটিয়ে উঠতে পারছি না, তাই আমি এখানে ফুল দিতে এবং প্রার্থনা করতে এসেছি। আবে একজন মহান দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন যিনি জাপানকে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে অনেক কিছু করেছিলেন।