রাজবাড়ী শহরের পৌর এলাকার বিনোদপুর কলেজপাড়া গ্রামে গত রবিবার রাতে মাংসের হাড় গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আলিফ হোসেন (১৩)।
আলিফ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফরা চার বোন ও এক ভাই। আলিফ রাতে কোরবানির মাংস খেতে গিয়ে হঠাৎ গলায় মাংসের হাড় আটকে যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করতে পারেননি পরিবারের লোকজন। পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালেও তার অবস্থার অবনতি হয়। রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আলিফ মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন।