ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন হারুন অর রশীদ। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে হারুনকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (গোয়েন্দা) দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পান হারুন অর রশীদ।
অন্যদিকে ডিএমপির ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে চলতি দায়িত্ব পালন করা মুনিবুর রহমানকে স্বপদে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) হিসেবে চলতি দায়িত্ব পালন করে আসা মো. আসাদুজ্জামানকেও স্বপদে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।