সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৪ জুলাই। ১৯৯৮ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ১৫ জন দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পরিচালিত হচ্ছে। ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
জাতীয় স্মৃতিসৌধের কোলঘেঁষে ৩২ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানে স্বাস্থ্যবিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল, কলা ও সামাজিক বিজ্ঞান ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধীনে ১৪টি বিভাগে পাঠদান চলছে। এ শিক্ষালয়ে ২ হাজার ৩১১ জন শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছেন। এছাড়া শিক্ষকতা করছেন ১৬০ জন শিক্ষক।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ২৪ বছরের পথচলায় গণ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন। সবুজ ক্যাম্পাস আপন করে নিয়েছে সবাইকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রমে প্রাণবন্ত থাকে নব্বইয়ের দশকের এ বিদ্যাপীঠ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবগাথা নিয়ে ২৫ বর্ষে পা রাখছে এ শিক্ষাপ্রতিষ্ঠান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, শিক্ষার্থী উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।