চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় নয়ন হত্যাকান্ডের ঘটনায় গোপন সুড়ঙ্গে পাওয়া গেছে দেশীয় অস্ত্রের ভান্ডার। পৌর এলাকার ফকিরপাড়ায় একটি গোরস্তানের পেছনের পানির ট্যাংকির পাশে তৈরি করা বিশাল সুড়ঙ্গ থেকে গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার নয়ন হত্যার বিচারের দাবিতে শহরে করা হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঈদুল আজহার দিন সন্ধ্যায় পৌরসভার আরামবাগ ফারুকের হোটেল মোড়ের কাছে পূর্ব শত্রুতার জের ধরে কলোনিপাড়ার লিয়াকত আলীর ছেলে নয়ন আলীকে (২৪) কোপায় সন্ত্রাসীরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিহত নয়নের বাবা লিয়াকত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করলে গোয়েন্দা ও থানা পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রথমে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আসামি চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা কদমতলার শহীদের ছেলে রাব্বী ও আলমকে। পরে তাদের দেওয়া তথ্যে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে কদমতলার আলিম, আজিম ও তাদের বাবা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হয় শাহরিয়ার আলম সনু এবং উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু। গ্রেপ্তার হওয়া এ ছয়জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া যায় তাদের অস্ত্রের ভা-ারের তথ্য।
ওসি মোজাফফর আরও বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্য ধরে ফকিরপাড়া কেন্দ্রীয় গোরস্তানের পেছনের পানির ট্যাংকির পাশের লেবুবাগানে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় গোপন সুড়ঙ্গ পথের গুহা। যা আসামিরা আগে থেকে তৈরি করে রেখেছিল। গুহাটি দেখে অভিযানে যাওয়া পুলিশ সদস্যরাও হতবাক হন। প্রায় ১০ ফুট মাটি গর্ত করে সুড়ঙ্গ পথের ভেতরে পাঁচ-ছয়জন মানুষ বসবাস করার সমান গুহা করা রয়েছে। সেই গুহা থেকে উদ্ধার করা হয় চায়নিজ কুড়াল, লোহার কাতা, হাঁসুয়া, তালোয়ার ও খড়গ।
গোপন সুড়ঙ্গের ভেতর থেকে অস্ত্র উদ্ধারের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তা দেখে হতবাক হয়ে ওঠেন।
নিহত নয়নের বাবা লিয়াকত আলী বলেন, ‘আমার ছেলের পেটে চাকু মেরেছে, আমার ছেলের কলিজাতে চাকু মেরেছে। ছুরি দিয়ে অসংখ্য আঘাত করেছে। যেগুলো দেখার মতো নয়। কিন্তু এখনো আসামি মেরাজ ও ফয়সালকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক। তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আমাদের মতো আর কোনো মা-বাবার বুক খালি না হয়।’
এদিকে নয়ন আলী হত্যার বিচারের দাবিতে গতকাল এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কলোনিপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।