উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর মামলা

যুক্তরাষ্ট্রে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে মামলা করেছেন ৫৫০ নারী। যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে দেশটির ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের কাউন্টি সুপিরিয়র আদালতে এই মামলা করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মামলাকারী এই নারীরা উবার চালকদের বিরুদ্ধে অপহরণ ও বন্দি রাখা, যৌন নিপীড়ন, ধর্ষণ, স্পর্শকাতর অঙ্গে হাত দেওয়ার চেষ্টা, অস্বস্তিদায়ক চাহনির মতো যৌন হয়রানি ও হামলার অভিযোগ আদালতে জমা দিয়েছেন।   

যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা প্রতিষ্ঠান সেøটার সেøটার শুলম্যান অভিযোগকারী এই নারীদের আইনি সহায়তা দিচ্ছে। তাদের প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

আইনি সহায়তা প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা অ্যাডাম সেøটার জানান, ২০১৪ সালের শুরু থেকে এসব নির্যাতনের ঘটনা ঘটেছে এবং জমা পড়া অভিযোগগুলোর মধ্যে অন্তত ১৫০টি অভিযোগ কার্যকরভাবে তদন্ত করা হচ্ছে।  

অ্যাডাম সেøটারের অভিযোগ, গ্রাহককে নিরাপদ রাইডসেবা দেওয়া উবারের ব্যবসার মূল ভিত্তি। কিন্তু ব্যবসার শুরু থেকেই কেবল মুনাফার পেছনে ছুটেছে উবার। আর সেই মুনাফার মূল্য চুকিয়েছেন নির্যাতনের শিকার নারী যাত্রীরা।  

তবে উবার নিজেও স্বীকার করেছে এসব ঘটনার কথা। যুক্তরাষ্ট্রের যাত্রী নিরাপত্তা নিয়ে উবারের একটি প্রতিবেদনে জানানো হয়, ২০১৯ ও ২০২০ সালে উবার চালকদের হাতে ধর্ষণসহ বিভিন্ন মাত্রার যৌন নির্যাতনের শিকার হয়েছেন দেশটির মোট ৩ হাজার ৮২৪ জন নারী।