ধলেশ্বরী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ

মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী অবয়ব আহমেদ পূর্ণের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকাসংলগ্ন মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। শিক্ষার্থী অবয়ব আহমেদ শহরের উপকণ্ঠ নয়াগাঁও গ্রামের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে নয়াগাঁও গ্রামের বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব সূচনা ও নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা আহমেদের ছেলে। এছাড়া চলচ্চিত্র অভিনেতা প্রয়াত আবদুল কাদেরের নাতি অবয়ব। গত বুধবার দুপুরে নিজ বিদ্যাপিঠের পেছনে ধলেশ্বরী নদীতে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে অবয়ব। এ সময় স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা ধলেশ্বরীবক্ষে শিক্ষার্থীর খোঁজে তৎপরতা চালিয়ে আসছিল। গতকাল বিকেলে তার লাশ ভেসে উঠে। এ সময় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধারের খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তার লাশ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নেওয়া হলে সহপাঠী ও শিক্ষার্থীদের ঢল নামে। তাদের কান্না ও আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।