না হাসলে জরিমানা

দ্বীপদেশ ফিলিপাইনের মূল লুজনের কুয়েজোন প্রদেশের মুলানার মেয়র অ্যারিস্টটল আগুইররে তার এলাকার স্থানীয় সরকারের সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস চলাকালে হাসি মুখে থাকার নির্দেশ দিয়েছেন।

কোনো কর্মী হাসি মুখে না থাকলে, সেবা নিতে আসা জনগণের সঙ্গে দুর্ব্যবহার করলে তাদের জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাও আবার সামান্য টাকা নয়। দায়ী কর্মীর ছয় মাসের বেতনের সমান জরিমানা গুনতে হবে! অভিযোগ গুরুতর হলে চাকরিও যেতে পারে।

মেয়রের দপ্তর থেকে দেওয়া এক নির্বাহী আদেশে এসব তথ্য উল্লেখ করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

আগুইররে জানান, পৌর ভবনে কর দেওয়া বা অন্য কোনো সেবা নিতে আসা সাধারণ লোকজন দীর্ঘদিন ধরেই পৌরকর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার পাওয়ার অভিযোগ জানিয়ে আসছেন।

অভিযোগকারীদের অধিকাংশই স্থানীয় নারকেলচাষি, মৎস্যশিকারি বা এ জাতীয় ছোটখাটো পেশার সঙ্গে যুক্ত। মূল শহর থেকে বিচ্ছিন্ন বিভিন্ন গ্রামের লোকজনকেও নিয়মিত বিভিন্ন কাজে আসতে হয় পৌর ভবনে।

চিকিৎসক থেকে জনপ্রতিনিধি নির্বাচিত যাওয়া অ্যারিস্টোটল আগুইররে বলেন, ‘পৌর ভবনে আসার পর কর্মীদের অসৌজন্যমূলক ও অনেক ক্ষেত্রে বৈরী ব্যবহার সাধারণ সেবাগ্রহীতাদের হতাশ করে। তাই পৌরকর্মীদের আচরণ বদলাতেই এ আদেশ দেওয়া হয়েছে। আমরা একটি বন্ধুত্বপূর্ণ পৌর ভবন চাই।’ কিন্তু ফিলিপাইনে এখনো জনসমক্ষে মাস্ক পরার বিষয়ে কড়াকড়ি রয়েছে। সে ক্ষেত্রে কোনো কর্মী হাসি মুখে আছেন কি না তা কীভাবে বোঝা যাবেÑ এ প্রশ্নের উত্তরে আগুইররে বলেন, ‘এই আদেশে আসলে সেবা নিতে আসা সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমার ধারণা, পৌরকর্মীরা এই আদেশের আসল মানে বুঝতে পেরেছেন।’