ময়মনসিংহের ভালুকায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট না পেয়ে অভিমান করে ইয়াসিন মোহাম্মদ আবীর (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে সে আত্মহত্যা করে। নিহত ইয়াসিন রাংচাপড়া গ্রামের কামাল হোসেনের একমাত্র ছেলে। সে গোয়ারী ভাওয়ালিয়া বাজার উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলো।
জানা যায়, ইয়াসিন ঈদের আগেই তার বাবা রিকশাচালক কামাল হোসেনের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনে দেয়ার জন্য বায়না ধরে। কামাল তার ছেলেকে ঈদে রিকশা চালিয়ে অতিরিক্ত টাকায় মোবাইল সেট কিনে দেওয়ার আশ্বাস দেন। ঈদের পর মোবাইল সেট না পেয়ে ইয়াসিন প্রথমে গত বৃহস্পতিবার বিষপান করে। পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার রাতে ফের মাত্রাতিরিক্ত বিষপান করলে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কোনো উন্নতি না হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
স্থানীয় সৈয়দ আলী জানান, ইয়াসিনের বাবা একজন খুবই সহজ সরল লোক। ইয়াসিনের বাবা তার ছেলের বায়না পূরণ করতে না পারায় অভিমান করে বিষপান করে।
ভরাডোবা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাৎ হোসেন মানিক জানান, মোবাইল সেটের জন্য অভিমান করে রিকশাচালক কামালের একমাত্র ছেলে ইয়াসিন বিষপান করে মারা যায়। তার বাবা থানায় একটি লিখিত আবেদন করেছেন লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য। পরে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ দাফন করা হয়েছে।
ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।