পাকিস্তানের কৃষি খাতের উন্নয়নে ২০ কোটি ডলারের অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। গতকাল শনিবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সভায় এ অর্থের অনুমোদন দেওয়া হয়। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই অর্থ দেশটির কৃষি খাতের রূপান্তরে ব্যবহার করা হবে।
পাকিস্তানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কৃষি খাত ফসলের ফলন ও গবাদিপশুর ক্ষতি, সেচের অবকাঠামোর ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে পাঞ্জাব প্রদেশে মারাত্মক খরার কারণে।
জলবায়ুর সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির সংযোজনের পাশাপাশি পানি ব্যবহারের দক্ষতাও বাড়ানো হবে। চরম আবহাওয়ার স্থিতিস্থাপকতা তৈরি ও ছোট ছোট কৃষকদের আয় বৃদ্ধি করার ক্ষেত্রে এ অর্থ ব্যয় করা হবে।
পাঞ্জাবের কৃষি খাত পাকিস্তানের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার কেন্দ্রবিন্দু, কারণ দেশের মোট খাদ্য উৎপাদনের ৭৩ শতাংশ আসে এই অঞ্চলটি থেকে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও ঋণ চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার।
ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে দেশটি।