সখীপুরে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন

দিনের ব্যস্ততা শেষে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন ঠিক তখনই বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হলো ব্যবসায়ী এরশাদের স্বপ্ন।

শনিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও দোকানের মালিক এরশাদ আহমেদ জানান, আগুনে অন্তত ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা লাভলু তরফদার বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তবে আনুমানিক ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। 

কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে গেছে। এরশাদ যেন তার এ ক্ষতি কাটিয়ে পূনরায় ব্যবসা শুরু করতে পারেন এজন্য সরকারি অনুদানের দাবি জানান তিনি।