বগুড়ায় দুই উপজেলায় ২ খুন, গ্রেপ্তার ১

বগুড়ায় দুই উপজেলায় দুই যুবককে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ও রবিবার ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরের ছোট কুমিড়ায় পূর্বশত্রুতার জেরে লিটন শেখ (৩২) নামে এক পিকআপভ্যান চালক ছুরিকাঘাতে খুন হয়েছেন। অন্যদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে গাবতলী উপজেলার হোসেনপুরে মামুন (২৪) নামে এক যুবককে জিআই পাইপ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত লিটন শেখ বগুড়া সদরের ছোট কুমিড়ার মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় রিতা বেগম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মামুন গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামের টায়েরপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় পূর্বশত্রুতার জেরে পিকআপভ্যানচালক লিটন শেখকে ছুরিকাঘাত করা হয়। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার রাতে লিটনের বোন ডলি বাদী হয়ে মামলা করেছেন। এরপরেই মামলায় অভিযুক্ত রিতা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার রহিমের স্ত্রী।

রবিবার বেলা ১১টার দিকে সদরের উপশহর ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, পূর্বশত্রুতা ও বাগ্‌বিতণ্ডায় হাতাহাতির একপর্যায়ে লিটনকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে গাবতলী থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামে শনিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক ও ঝগড়াঝাঁটির একপর্যায়ে খেলা শেষ হয়। খেলায় হোসেনপুর টায়ের পাড়া এলাকার মামুন (২৪) ও খোকন (৩২) এর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার পর রাত পৌনে ১০টায় দিকে মামুন স্থানীয় মুদি দোকানে বসেছিলেন। এ সময় খোকন পেছন থেকে লোহার জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করেন। মামুনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার দুপুরে গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।