অর্থনৈতিক মন্দায় ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে বাঁচাতে এবার এগিয়ে এলো দেশটির সেনাবাহিনী। ১ হাজার ৫০০ একরের বেশি অনুর্বর বা পরিত্যক্ত রাষ্ট্রীয় জমিতে কৃষিকাজ করবে তারা। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ঘাটতি এড়াতে এ পদক্ষেপ বলে জানিয়েছে লঙ্কান সেনাবাহিনী। জুলাইয়ের প্রথম দিকে শুরু হওয়া জরুরি প্রকল্পটির নেতৃত্বে আছেন সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভিকুম লিয়ানাগে। চিফ অব স্টাফ মেজর জেনারেল জগথ কোডিথুওয়াক্কু পুরো প্রকল্পের তত্ত্বাবধান করবেন।
ব্রিটেন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি। এ অবস্থায় খাদ্য নিরাপত্তা কর্মসূচির সম্পূরক ও প্রচারের অংশ হিসেবে সেনাবাহিনী বৃহস্পতিবার গ্রিন অ্যাগ্রিকালচার স্টেয়ারিং কমিটি (জিএএসসি) প্রতিষ্ঠা করেছে।
সরকারের চাষাবাদ অভিযানের সহায়ক প্রক্রিয়া হিসেবে জুলাইয়ের প্রথম দিকে শুরু হওয়া জরুরি প্রকল্পটির নেতৃত্বে আছেন সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভিকুম লিয়ানাগে।
সেনাবাহিনী শুক্রবার নিউজফার্স্ট ডট এলকে জানায়, কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নির্বাচিত বীজের জাত চাষের জন্য সেনারা কাজ করবে। দেশজুড়ে সব নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর এখন আঞ্চলিকভাবে চাষাবাদের সম্ভাবনাগুলো পরীক্ষা করছে। প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক স্তরে জমিগুলো চিহ্নিত করে সেগুলোকে চাষাবাদের জন্য উপযুক্ত করে তোলা হবে। তার আগে সংশ্লিষ্ট গভর্নর, জেলা ও বিভাগীয় সচিবালয়, ভূমি কর্মকর্তা এবং গ্রাম সেবা আধিকারিকদের কাছ থেকে নেওয়া হবে পরামর্শ।
শ্রীলঙ্কায় চালের দামের অস্বাভাবিক বৃদ্ধি ঠেকাতে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজ পোর্টাল ইকোনমি নেক্সট বলছে, ভারতীয় ঋণ সহায়তা কর্মসূচির অধীনে স্টেট ট্রেডিং করপোরেশনকে তহবিল বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রায় দেউলিয়া দেশটি এখন বৈদেশিক ঋণখেলাপি। শ্রীলঙ্কার এখন মোট বৈদেশিক ঋণ ৫১ বিলিয়ন ডলার। এপ্রিলে রাজাপাকসে সরকার জানিয়েছিল, ২০২৬ সালের মধ্যে প্রায় ২৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে হবে শ্রীলঙ্কাকে।