বলিউডে আলোচনার কেন্দ্রে রয়েছে সাবেক আইপিএল কর্মকর্তা ললিত মোদি ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের প্রেম। এ তোলপাড়ের মাঝে অনেকে হাসাহাসিও করছেন।
চেহারা থেকে বয়স সব কিছুর ফারাক ও টাকা-পয়সা নিয়ে এ যুগল এত ঠাট্টা শুনেছেন যে, রবিবার সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত। এর পর বিকেলের মধ্যেই সক্রিয় হলেন সুস্মিতাও।
অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তার স্পষ্ট ব্যাখ্যা, ‘আমি সোনার লোভে ললিতের কাছে যাইনি। তা ছাড়া আমার তো হিরা ভালো লাগে। আর সেটা এখনো নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।’
সুস্মিতা ও ললিত একসঙ্গে পথচলার কথা ঘোষণা দিয়েছেন ১৪ জুলাই। সেই থেকে ক্রমাগত ছুটে আসছে বিদ্রূপের তীর। অনেকেরই প্রশ্ন, সুস্মিতার মতো এক জন রূপসী, স্বাধীনচেতা, স্বাবলম্বী অভিনেত্রী কেন আকৃষ্ট হবেন এক জন দুর্নীতিগ্রস্ত, ‘অসুন্দর’ মানুষের প্রতি? সম্পর্কের নেপথ্য কারণ খুঁজতে ইতোমধ্যে বহু মানুষ তাকে অর্থলোভী বলেছেন। নিন্দুকদের তালিকায় আছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনও। যার স্পষ্ট জবাব দিলেন নায়িকা।
অনুরাগীদের উদ্দেশে বক্তব্য, ‘আরে, তোমাদের সুস্মিতা ভালো আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।’
‘দুগ্গা দুগ্গা’লিখে বার্তা শেষ করেন বাঙালি বংশোদ্ভূত সুস্মিতা সেন।