খারকিভ ও ডনবাস অঞ্চলের দখল নিয়ে ইউক্রেনের সঙ্গে প্রবল লড়াই করছে রুশ বাহিনী। এই দুই অঞ্চল রাশিয়া দখল করার চেষ্টা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। এর মাঝে বিচ্ছিন্নতাবাদীরা এ অঞ্চলের নতুন পতাকা তৈরি করেছে। যেখানে রয়েছে রুশ প্রতীক সোনালী ঈগল।
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত রিসার্চ গ্রুপ আইএসডাব্লিউ এই দাবি করেছে। তারা জানিয়েছে, তাদের হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসে পৌঁছেছে। তারই ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। তবে তাদের হাতে সরাসরি কোনো তথ্য আসেনি, পারিপার্শ্বিক তথ্যের ওপর নির্ভর করেই তারা এই রিপোর্ট তৈরি করেছে এবং গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে।
তাদের বক্তব্য, কিছুদিন আগেই খারকিভ লাগোয়া একটি শহর দখল করেছিল রাশিয়া। সেখান থেকেই খারকিভ আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। এরপর রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় সরকার তৈরি করেছে। তারা নতুন পতাকা তৈরি করেছে। যেখানে রাশিয়ার প্রতীক সোনালি ঈগল আছে।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের সময়ও রাশিয়া খারকিভ অঞ্চল দখল করার চেষ্টা করেছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। বস্তুত, খারকিভে তীব্র লড়াই চলছে। খারকিভ শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।