করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মনি রত্নম

করোনায় আক্রান্ত হলেন বিখ্যাত ভারতীয় পরিচালক মনি রত্নম। তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমানে কেমন রয়েছেন এ পরিচালক, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। তার পরিবারও কিছু বলছে না। এ ছাড়া পরিচালকের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বুলেটিন প্রকাশ করেনি হাসপাতাল।

দক্ষিণ ভারত কেন্দ্রিক নির্মাতা হলেও মনি রত্নমের সর্বভারতীয় পরিচয় রয়েছে। বলিউডেও নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। এর মধ্যে রাবণ, দিল সে, যুবা, বম্বে ও রোজা উল্লেখযোগ্য।

বর্তমানে বড় বাজেটের ‘পোন্নয়িন সেলভানের’ শুটিং করছেন মণি রত্নম। অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চনসহ দক্ষিণ ভারতের বড় তারকারা। কিছুদিন আগে প্রকাশ হয়েছে ছবিটি প্রথম কিস্তির টিজার।