উন্নত প্রক্রিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও হতে পারে সবুজ উন্নয়নের হাতিয়ার

প্র্যাকটিক্যাল অ্যাকশন একটি আন্তর্জাতিক সংস্থা যা দুই যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে সমন্বিত বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে। তারা এর মধ্য দিয়ে শহরকে পরিচ্ছন্ন ও সবুজের উন্নয়নে ভূমিকা রাখছে।

এর ধারাবাহিকতায় এ বছর ও 'বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ' স্লোগানে সোমবার (১৮ জুলাই) বর্ণাঢ্য র‍্যালি, বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয় ফরিদপুর রাজেন্দ্র কলেজ খেলার মাঠ সংলগ্ন এলাকায়।

প্র্যাকটিক্যাল অ্যাকশন এর সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দ্বীপক কুমার রায়।

মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক , উপজেলা চেয়ারম্যান, মেয়র, নার্সারি মালিক সমিতির সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনসিসি স্কাউট দল, স্কুল ও কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থা এবং সর্বস্তরের জনসাধারণ।

মেলায় বন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত সবার মাঝে দুইটি করে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

সপ্তাহব্যাপী এ মেলায় প্রায় ৩০টি স্টল সাজানো হয়েছে। মেলায় মেইন গেট দিয়ে প্রবেশ মুখেই দর্শনার্থীদের নজর কাড়বে প্র্যাকটিক্যাল অ্যাকশন এবং স্থানীয় সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি ) সমন্বিত উদ্যোগে পরিচালিত এক ধরনের ব্যতিক্রমী স্টল।

যে স্টলের অন্যতম উদ্দেশ্য হলো ফরিদপুর শহরের ঘরবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত জৈব সারের পরিচিতি তুলে ধরা। সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে পৃথক্‌করণ প্রক্রিয়ায় কীভাবে উন্নত প্রযুক্তি দিয়ে জৈব সার তৈরি করা হয় তার ডেমো প্রদর্শনী। 

এ ছাড়া এ স্টলে কীভাবে এই সার গাছের চারায় ব্যবহার করা হবে তারও ডেমো প্রদর্শনী দেখতে পাবেন দর্শনার্থীরা।

এ ধরনের প্রদর্শনী মূলত মেলায় ঘুরতে আসা বিশেষ করে উদ্যমী নারী দর্শনার্থীদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের খোরাক জোগাবে।

এ স্টলে জৈব সার পাওয়া যাবে খুবই সুলভ মূল্যে। যার গুণগত মান ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষিত। ছাদ কৃষি, বাড়ির উঠান এবং আশপাশের পতিত জায়গায় সবজি চাষ বা ফুল বাগান করতে আগ্রহী নারী-পুরুষদের জন্য এই জৈব সার হতে পারে খুবই যুগোপযোগী এবং উপকারী।

এ ছাড়া ও ভার্মি কম্পোস্ট প্রযুক্তি ব্যবহার করে আগ্রহী নারী ও পুরুষরা হতে পারেন সফল উদ্যোক্তা যার ডেমো প্রদর্শনী দেখা যাবে ব্যতিক্রমী স্টলে।

এমনকি মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ফুলের চারাও চোখে পড়ার মতো।  বর্তমান বাংলাদেশ তথা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন ঘটে যাওয়া দুর্যোগ প্রশমনে বৃক্ষরোপণই অন্যতম হাতিয়ার হতে পারে।