মেট্রোরেলে ব্যয় বাড়ল সাড়ে ১১ হাজার কোটি টাকা

মেট্রোরেল প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের মেয়াদ আরও দেড় বছর এবং ব্যয় ১১ হাজার ৪৮৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থবছরের প্রথম একনেক সভায় মেট্রোরেলের এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভায় এই প্রকল্পসহ ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের মোট ৮টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়ায় এর মোট ব্যয় দাঁড়াল ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা। সবশেষ প্রস্তাবে মেট্রোরেলের ব্যয় নির্ধারিত ছিল ২১ হাজার ৯৫৮ কোটি টাকা।

এ ছাড়া মেট্রোরেলের দৈর্ঘ্য বাড়বে ১ দশমিক ১৬ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যাবে এই রেলপথ।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

মেট্রোরেলের বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, নানা কারণে প্রকল্পের ব্যয় ও সময় বাড়ছে। এর অন্যতম কারণ, চারটি স্টেশন প্লাজা করা হবে। উত্তরা, আগারগাঁও, ফার্মগেট ও কমলাপুরে স্টেশন প্লাজা হচ্ছে। এসব স্টেশন প্লাজায় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। এছাড়া যাত্রীদের জন্য স্টেশনগুলোতে থাকছে বিপণিবিতান, সময় কাটানোর জন্য হোটেল, রেস্টুরেন্ট, কফিশপ ও বিনোদনকেন্দ্র। অসুস্থ এবং প্রতিবন্ধীদের ওঠা-নামার জন্য থাকছে লিফট, সঙ্গে এসকেলেটরও। মেট্রোরেলে ভ্রমণের জন্য থাকছে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের র‌্যাপিড পাস।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বের মতো তৈরি করা হচ্ছে মেট্রোরেলের চার স্টেশন প্লাজা। প্রস্তুত লাল সবুজে রাঙানো মেট্রোরেলের আইকনিক স্টেশনও। জাপানের আদলে তৈরি হচ্ছে এসব স্টেশন। নান্দনিক এসব স্টেশনে যাত্রীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া মেট্রোরেলে ভ্রমণের জন্য স্থায়ীভাবে পাস ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ৮টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ১২ হাজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা। বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা পাওয়া যাবে।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে সব স্বাভাবিক হবে। কিছু কৌশল অবলম্বন করা হবে। আরও কিছু বিষয় আলোচনা হয়েছে একনেক সভায়। তিনি বলেন, ‘গত কয়েক দিনে কিছু পণ্য চাল, ডাল, তেল, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। জুলাই শেষে নিত্যপণ্যের দাম আরও কমবে। তবে কতটুকু কমবে বলতে পারব না। ভোজ্য তেলে দৃশ্যমান দাম কমছে। চালের ক্ষেত্রে ভালো পরিবর্তন আশা করছি।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন তিনি।