পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান নারীদের

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমাকে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে পাহাড়ের দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেনস ফেডারেশন। ইউপিডিএফ সমর্থিত সংগঠন দুটি গতকাল বুধবার সকালে রাঙ্গামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানায়।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেনস ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা। সন্তু লারমার কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘চারদিকে এত ভূমি বেদখল হচ্ছে, মা-বোন ধর্ষণের শিকার হচ্ছে, লাঞ্ছিত, অত্যাচারিত, অপমানিত হচ্ছে। এত নির্যাতন চলছে। তারপরও আপনি তার বিরুদ্ধে টুঁ শব্দটি পর্যন্ত না করে কেন ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখেছেন, আমরা তার উত্তর চাইতে এসেছি।’

চুক্তি বাস্তবায়নের কথা বললেও তার জন্য আন্দোলন না করায় সন্তু লারমার সমালোচনা করেন নীতি চাকমা। তিনি বলেন, ‘গত ২৪ বছরে ইউপিডিএফের ৩৩৫ জন নেতাকর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে, যার মধ্যে কেবল সন্তু লারমার জেএসএসের হাতে ২৬২ জন খুন হয়েছেন।’