দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল চা শ্রমিকের

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে রথীরাম নায়েক (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই দর্গানা অলমিক ও সুশীল অলমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের কানিহাটি লাইনে এ ঘটনা ঘটে।

নিহত একই বাগানের গোপেস নায়েকের ছেলে। হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই রাজু নায়েক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ডবলছড়া চা বাগানের শ্রমিক দর্গানা অলমিক ও তার ছোট ভাই সুশীল অলমিকের মধ্যে ঝগড়া লাগে।

এ সময় প্রতিবেশী চা শ্রমিক রথীরাম নায়েক দুই ভাইয়ের মধ্যকার ঝগড়া মেটাতে গেলে দর্গানা অলমিকের হাতে থাকা দায়ের এলোপাতাড়ি কোপে রতিরাম নায়েক গুরুতরভাবে আহত হন। রাতেই ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডবলছড়া চা বাগানের শ্রমিকেরা বৃহস্পতিবার সকালে পলাতক এক ভাই দর্গানা অলমিককে বাগানের একটি প্ল্যান্টেশন এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। আরেক ভাই সুশীলকে পুলিশ আটক করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, ‘হত্যার ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’