দেবিদ্বারে পিকআপের ধাক্কায় ২ সিএনজিযাত্রী নিহত

কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ইষ্টগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সিএনজিচালক উপজেলার ইষ্টগ্রামের জসীম উদ্দিনের পুত্র নাজমুল হাসান জানান, সিলেটগামী পিকআপ ভ্যান (রেজি. নং-ঢাকা মেট্রো-ন-১৫-৫২৭৭) সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক ও চার যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর তিনজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

নিহতরা হলেন ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (২২) এবং একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মনের ছেলে লক্ষণ বর্মন। আহতরা হলেন ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল মান্নার ছেলে মো. সাদেক (৪২) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের যদুমিয়ার ছেলে ইউসুফ (৪০)।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার এবং পিকআপ ও সিএনজি দুটি আটক করি। সিএনজি যাত্রীদের মধ্যে কে চালক তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত চলছে। এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।