চলতি মাসেই শি’র সঙ্গে কথা বলবেন বাইডেন

তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। এমন প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে শি চিন পিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন জো বাইডেন।

বাইডেন তার এই পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আমি আগামী ১০ দিনের মধ্যে প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলব।’

আগস্টে তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ নিয়ে কথা বলেন বাইডেন। বাইডেন বলেন, তিনি মনে করেন, সামরিক বাহিনীর মতে, এখন এই সফরের পরিকল্পনাটি ভালো ধারণা নয়। তবে এই পরিকল্পনা এখন ঠিক কোন অবস্থায় আছে, তা তিনি জানেন না।

পেলোসি তাইওয়ান সফরে গেলে উপযুক্ত পদক্ষেপ নেবে চীন। গত মঙ্গলবার চীনের সরকার এই হুঁশিয়ারি দিয়েছে।