রোদে ডিম ভাজা

যুক্তরাজ্যে রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর এলাকায় দেশটির এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। তাপমাত্রা যখন রেকর্ড ভাঙছে তখন তাপের তীব্রতা পরীক্ষায় ডিম ভাঙছিলেন যুক্তরাজ্যের জর্জিয়া লেভি নামের এক নারী। বাড়ির পেছনের বাগানে ঘাসের ওপর ফ্রাইং প্যানে ঘি ঢেলে ডিম ভেজেছেন তিনি। চুলা, আগুন ছাড়াই কেবল সূর্যের তেজ আর তাপপ্রবাহের কড়া তাপে ভাজা হয়ে যায় ডিম!

শৌখিন রন্ধনশৈলী ও রেসিপি বিশেষজ্ঞ জর্জিয়া ডিম ভাজার ভিডিও পোস্ট করেছেন টুইটারে। টুইটে তিনি লিখেছেন, ‘আজকে লন্ডনে বছরের সবচেয়ে উষ্ণ দিন, আমার বাড়ির পেছনের বাগানেও ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল তাপমাত্রা। দেখতে চেয়েছিলাম ডিম ভাজার মতো গরম কিনা, হ্যাঁ আসলেই এমন গরম ছিল।’

প্রকৃতির তীব্র তাপে ডিম ভাজায় সফল জর্জিয়া নিছক মজা করে লিখেছেন, ‘যা হোক এই উন্মত্ত আবহাওয়ার একটি ইতিবাচক দিক তো পেলাম।’   

যদিও এজন্য এক ঘণ্টা লেগেছে তার, কারণ ডিম ভাজা হতে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপ দরকার। তাই একটু বেশি সময় লাগলেও তীব্রতাপে উত্তপ্ত ফ্রাইং প্যানে খাবার উপযোগী ডিম ভাজতে পেরেছেন তিনি।  

এরকম ডিম ভাজা ছাড়াও তাপপ্রবাহের কিছু বিরূপ নজিরও দেখেছে যুক্তরাজ্যবাসী। চরম তাপে অতিষ্ঠ হয়ে গোসল করতে পানিতে নেমে দেশটিতে ১৩ জন ডুবে মারা গেছেন বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যম। এদিকে দেশটির নানা জায়গায় তীব্র তাপে গলে গেছে রেলের সিগন্যাল বাতির উপরের প্লাস্টিক ছাউনি।

কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীন তাপমাত্রার কবলে ইউরোপ। তাপের তীব্রতা, গরম বাতাস এবং শুষ্কতায় পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিসসহ কয়েকটি দেশে জ্বলছে দাবানল। পুড়ছে হাজার হাজার একর বনভূমি, ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন দেশগুলোর অগ্নিনির্বাপক কর্মীরা। তাপপ্রবাহে কেবল পর্তুগাল ও স্পেনেই নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।