বগুড়ায় শাহ আলম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। বেলা সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহ আলম প্রচুর পরিমাণে নেশা করত। স্থানীয় লোকজন সকালে ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, শাহ আলমের বাড়ির ৫০০ গজ দূরে একটি ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।