ত্বকের মৃত কোষ তুলতে

কয়েক দশক আগেও অনেকের পারলারে যাওয়ার অভ্যাস ছিল না। তখন ঘরের জিনিসপত্র দিয়েই নিজেদের ত্বকের যত্ন নিতেন নারীরা। তাতে যে চেহারায় জেল্লা থাকত না এমন নয়। বরং কেউ কেউ এখনো তেমন সব জিনিস দিয়ে রূপচর্চা করলে বেশি উজ্জ্বল দেখায় ত্বক। এখন সময় বদলেছে। রূপচর্চার ধরন বদলেছে। কিন্তু রোজের যত্নের ক্ষেত্রে মাঝেমধ্যে নেওয়া যায় নিজের হেঁশেলে উপস্থিত সব জিনিসের সাহায্য। সবার আগে খেয়াল রাখুন নিয়মিত মৃত কোষ তুলতে হবে ত্বকের ওপর থেকে। তবেই উজ্জ্বল দেখাবে চেহারা। সে জন্য হেঁশেলের কোন কোন জিনিস সাহায্য করতে পারে, জানা আছে কি?

চিনির গুঁড়ো

ত্বকের যত্নে চিনির বিকল্প কমই আছে। চিনির গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন একটি স্ক্রাব। অল্প টক দই হাতে নিয়ে তাতে মিশিয়ে ফেলুন এক চামচ চিনির গুঁড়ো। মিশ্রণটি ভালোভাবে মুখে মাখুন। দশ মিনিট রেখে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেলুন।

কফি

কফি দিয়ে মুখ পরিষ্কার করার পরিকল্পনা থাকলে একটু মধু ব্যবহার করুন। গুঁড়ো কফি আর মধু মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এভাবে ত্বকের যত্ন নিলে জেল্লা বাড়বেই।

ওটস

ওটস দিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে রেখে দিতে পারেন। কয়েক চামচ ওটস ফুটিয়ে নিন এক কাপ দুধে। মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি পাত্রে ঢেলে রাখুন। প্রতিদিন এক চামচ প্যাক দিয়ে মুখ পরিষ্কার করুন।